বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নয়াপল্টনের মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সারাজীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, কারাভোগ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। গত দুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং গতকাল ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।
মহাসচিব আরও জানান, দলের পক্ষ থেকে দেশের জনগণের কাছে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশের মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।