ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার বিকেলে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ ভোলা জেলার বাসিন্দারা। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় শাহবাগ এলাকায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল থেকে শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ভোলা জেলার বিভিন্ন সংগঠন ও সাধারণ বাসিন্দারা।
বিক্ষোভকারীরা বলেন, বহুদিন ধরে দাবি জানানো হলেও ভোলা–বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই সেতু হলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন।
আন্দোলনকারীরা দাবি করেন, ভোলাবাসী দীর্ঘদিন ধরে জাতীয় গ্রিডে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করে দেশের উন্নয়নে অবদান রেখে আসছে, কিন্তু তারা এখনও যোগাযোগ ব্যবস্থায় বঞ্চনার শিকার। তাই দ্রুত সেতু নির্মাণের পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা।
একজন আন্দোলনকারী বলেন, আমাদের একটি সেতু দিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দেশের জন্য গ্যাস-বিদ্যুৎ দিচ্ছি, অথচ সুবিধা থেকে বঞ্চিত। এই সেতু আমাদের ন্যায্য দাবি।
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা জানান, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।