সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন। তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়া অব্যাহত রাখার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার ( ২৯ নভেম্বর ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অনুরোধ জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, এবং তাঁর সুস্থতার জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছেন। পাশাপাশি প্রধান উপদেষ্টা বেগম জিয়ার চিকিৎসায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান আরও জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্রও উন্নত চিকিৎসা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।
জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া ও ভালোবাসার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় সকলের কাছে আবারও দোয়া প্রার্থনা করেন তিনি।
পোস্টে ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি লেখেন, এমন সংকটময় সময়ে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা তারও প্রবল, তবে রাজনৈতিক বাস্তবতার কারণে এটি তার একক সিদ্ধান্তে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।