বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় না করার আহবান জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, খালেদা জিয়ার প্রতি আবেগ ও শ্রদ্ধা থেকে অনেকেই হাসপাতালে ছুটে যাচ্ছেন। তবে এতে হাসপাতালের অন্যান্য রোগী যেমন ভোগান্তিতে পড়ছেন, তেমনি খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমেও ব্যাঘাত ঘটছে।
শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে রিজভী আহবান জানিয়ে বলেন, আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধায় থেকে যাচ্ছেন সেটা আমরা জানি। তবুও যাতে অন্য রোগীদের কষ্ট না হয়, সে জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ করছি। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার পরিবার ও বিএনপির পক্ষ থেকেও একই অনুরোধ জানানো হয়েছে।
২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নজরদারিতে চলছে তার চিকিৎসা।