দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের আপত্তিতে আটকে থাকা রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী মাসে। সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; আলোচিত সেই ঘটনার ছায়া অবলম্বনে তৈরি বহুল প্রতীক্ষিত সিনেমাটি ডিসেম্বরের ১১ তারিখে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি‘এখানে রাজনীতি আলাপ জরুরি’ সিনেমাটিও একই দিনে মুক্তি পাচ্ছে। দুটি সিনেমাতেই অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ।
গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে কয়েকটি প্রধান কারণে কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবের সঙ্গে মিলে যাওয়া উল্লেখ করে ছাড়পত্র পায়নি সিনেমাটি।
নৃশংস খুনের দৃশ্য থাকায় যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে এমন আশঙ্কায় তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এর টিজার প্রকাশিত হলে দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।