| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত

  • আপডেট টাইম: 30-11-2025 ইং
  • 163905 বার পঠিত
আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত

খুলনা আদালত চত্বরে দিনের আলোয় দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে ঘটে এ হত্যাকাণ্ড। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা শেষে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। ঠিক সেই সময় হেঁটে আসে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত। কোন ধরনের কথা না বলেই তারা ওই দুই ব্যক্তির ওপর গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং মুহূর্তের মধ্যেই সেখান থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় হাসিব হাওলাদার ও রাজন। তারা দুজনই নতুনবাজার এলাকার বাসিন্দা। নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, কিছুদিন আগে হাসিবের নামে একটি অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আজ আদালতে এসেছিলেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে রক্ত, একটি চাপাতি ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনি জানান, ঘটনার কারণ এখনো পরিষ্কার নয়, তদন্ত চলছে।

খুলনার অত্যন্ত ব্যস্ত আদালত চত্বরে এমন হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪