বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিজয়ের মাস উপলক্ষে শুরু হলো মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। একাডেমির জাতীয় নাট্যশালার মূল ফটকে মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শিল্পকলার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শনী চলবে এ যাত্রাপালার।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা ৩১টি দল আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩১টি যাত্রাপালা মঞ্চস্থ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
গতকাল উদ্বোধনী দিনে পালাকার দেবেন্দ্রনাথ ও প্রণব মন্ডলের পরিচালনায় ‘মৃত্যুর চোখে জল’ যাত্রাপালাটি মঞ্চায়ন করে খুলনার পাইকগাছার গোপাল বৈরাগীর ‘সূর্যতরুণ নাট্য সংস্থা’।
এর আগে বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল ফটকে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান বলেন, ‘বাংলাদেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে। আমরা যখন কোনো অনুষ্ঠান করি, সংশ্লিষ্ট সম্প্রদায়কে যুক্ত করি। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির মধ্য দিয়ে এদেশে বসবাস করতে চাই।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টালিন বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত যাত্রাশিল্পে শুধু বিনোদন নয়, একটা শিক্ষা । অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী, বাংলাদেশ যাত্রাশিল্প সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।