দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ( ০২ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, তার জন্য তিনি জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বলেন, বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুরা উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া তাদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করছে।
তারেক রহমান আরও বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতায় ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর তাকে জরুরিভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান— তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, সঙ্গে আরও রয়েছে বেশ কিছু জটিলতা।
গত কয়েক দিনে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এইচডিইউতে রাখা হয়। পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।