হলের ব্যর্থতা ঘুচিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে নতুন করে দর্শকের সামনে আসছে ঢালিউড সুপারস্টার শাকিব খান ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’। গত ঈদুল ফিতরে প্রচারণার অভাবে প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। আগামী ৪ ডিসেম্বর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ এ দেখা যাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমা ‘অন্তরাত্মা’।
২০২১ সালে ‘অন্তরাত্মা’ সিনেমাটির শুটিং শেষ হলেও রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও তা আটকে যায়। দীর্ঘ বিরতির পর হঠাৎ করেই কোনো প্রচারণা ছাড়াই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হলেও পুরোনো এ ছবিটি দর্শক সেভাবে গ্রহণ না করায় ব্যবসায়িকভাবে ব্যর্থ হয় এটি।
প্রযোজনা সংস্থা আশা করছে হলের দর্শক মিস করলেও ওটিটিতে শাকিব ভক্তরা সিনেমাটি উপভোগ করবেন। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে সোহানী হোসেন প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। সিনামাটিতে শাকিব-দর্শনা জুটি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস ও ঝুনা চৌধুরীর মতো গুণী অভিনেতারা।