| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

  • আপডেট টাইম: 04-12-2025 ইং
  • 162437 বার পঠিত
নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর

ঈশ্বরদীতে মানবতার এক বিরল দৃষ্টান্ত। বস্তাবন্দী করে আটটি ছানাকে পুকুরে ফেলে হত্যার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল মা কুকুরটি। অবশেষে নতুন দুটি ছানা পেয়ে সে ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তার কাছে ছানাদুটি হস্তান্তর করা হয়।

গত রোববার সন্তানহারা হয়ে প্রচণ্ড মানসিক আঘাত আর শারীরিক যন্ত্রণায় ছটফট করছিল ‘টম’ নামের মা কুকুরটি। স্তনে জমে থাকা দুধের চাপ তাকে আরও অসুস্থ করে তোলে। বিষয়টি নজরে আসার পর উদ্যোগী হন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঈশ্বরদীয়ান’-এর পরিচালক শাহরিয়ার অমিত।

শাহরিয়ার অমিত বলেন, ছানা হারিয়ে কুকুরটি খুবই কষ্ট পাচ্ছিল। ইউএনও স্যার পরামর্শ দেন ছানা জোগাড় করতে পারলে তার কষ্ট কিছুটা লাঘব হবে। তাই আমার কুকুরের সাতটি ছানা থেকে দুটো এনে দিই।

প্রথমে নতুন ছানাগুলো নিতে অস্বীকৃতি জানায় টম। কিন্তু অমিত নিজ হাতে দুধ বের করে ছানাদের মুখে লাগানোর পর ধীরে ধীরে ওদের সন্তান হিসেবে গ্রহণ করতে শুরু করে সে। এখন শান্তভাবে নিজের কাছে আগলে রাখছে ছানাদুটিকে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, কুকুরটির চিকিৎসায় ভেটেরিনারি সার্জনকে প্রধান করে আট সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। নিয়মিত তার স্বাস্থ্য পর্যবেক্ষণ চলছে।

নতুন দুই ছানাকে দুধ পান করাচ্ছে টম। এতে তার সন্তান হারানোর বেদনা কিছুটা হলেও কমেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪