দীর্ঘ সময় অভিনয়ে অনিয়মিত থাকলেও নব্বই দশকের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি সাম্প্রতিক সময়ে পর্দায় দেখা দিচ্ছেন মাঝেমধ্যে। ‘উৎসব’ সিনেমায় অনবদ্য অভিনয়ে প্রশংসা কুড়নো অভিনেত্রী এক অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনায় পড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা একটি ‘ফেইক আইডি’ নিয়ে।
গত দুই সপ্তাহের বেশি সময় ধরে আফসানা মিমির নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে বিনোদন অঙ্গনের অনেকের কাছেই পাঠানো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং খুদেবার্তা যাতে ভীষণ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই তারকা।
তবে এ বিষয়ে গণমাধ্যমকে স্পষ্ট বার্তা দিয়ে আফসানা মিমি বলেছেন যে, তিনি কোনো সোশ্যাল মিডিয়াতেই নেই। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও স্বজনেরাও বিষয়টি নিশ্চিত করে সবাইকে এই ভুয়া আইডি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।