যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী অক্সফোর্ড ইউনিয়নে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক আন্তর্জাতিক প্যানেল আলোচনা। এই আলোচনায় তিনি বক্তা হিসেবে অংশ নেবেন।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়, ০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং দেশে ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ এখন আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়েছে, প্যানেল আলোচনার পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সাথে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তার পুরো সফরের সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে অক্সফোর্ড ইউনিয়ন।