বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।
শুক্রবার ( ৫ ডিসেম্বর ) বেলা পৌনে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার সার্বিক শারীরিক অবস্থা তদারকি এবং সম্ভব হলে লন্ডন যাত্রায় তার সঙ্গে থাকার উদ্দেশ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানানো হয়েছে।
প্রায় ১৭ বছর পর গত মে মাসে তিনি একবার দেশে এলেও, এবার শাশুড়ির চিকিৎসার প্রয়োজনে তার এই আগমনকে বিএনপি নেতারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এদিকে, জোবাইদা রহমান ঢাকায় পৌঁছালেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা এখনো কাটেনি।
আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার ঢাকায় আসার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার পৌঁছাতে পারে।
তবে যাত্রা সম্পূর্ণ নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়বেন।