ঢালিউড অভিনেত্রী মৌ খান হঠাৎই রঙিন জগত ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন । শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সেই পোস্টে জানান, তিনি আর অভিনয় জগতে থাকতে চান না। তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে সরানোয় শুরু হয়েছে নেটিজেন দের সমালোচনা।
শুক্রবার দেওয়া পোস্টে মৌ লেখেন, ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করে ‘জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই’ পাশাপাশি রাসুল (স.)-এর সুন্নাহ আঁকড়ে ধরে পথচলার ইচ্ছাও জানান এ অভিনেত্রী।
অসমাপ্ত কাজগুলো নিয়ে তিনি নির্মাতাদের জানান যে সিনেমা তি করছিলেন তার বাকী অংশটুকু তিনি শেষ করে দেবেন। তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ। আগামীতে ‘হালাল উপায়ে জীবিকা অর্জনে ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন জানিয়ে সবার উদ্দেশে দোয়া কামনা করেন তিনি।
কিন্তু শনিবার সকালে মৌ-এর টাইমলাইনে পোস্টটি পাওয়া যায়নি এবং পোস্টটি ডিলিট করার কারণও জানা যায়নি। অভিনেত্রী মৌ খানের ২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘বান্ধব’, ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাও অভিনয় করেন তিনি।