সত্যজিৎ রায়ের কালজয়ী গোয়েন্দা চরিত্র ফেলুদা নতুন সিজনে বড়দিনে আসছে সিরিজ হয়ে। এই গোয়েন্দা চরিত্র এখন সিনেমাকে ছাপিয়ে দর্শকদের কাছে সিরিজ আকারেই বেশি জনপ্রিয়। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় লেখকের 'রয়েল বেঙ্গল রহস্য' অবলম্বনে সিরিজটি মুক্তি পেতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে।
এটি 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিরিজের তৃতীয় সিজন। সবশেষ দুর্গাপূজায় 'আড্ডাটাইমস'-এ মুক্তি পেয়েছিল 'ফেলুদা ফেরত' সিরিজের দ্বিতীয় সিজন 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে'। ৬ ডিসেম্বর সিরিজটির ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার মুক্তি পেয়েছে । আগের দুই সিজনের মতোই ফেলুদা ভূমিকায় থাকছেন টোটা রায়চৌধুরী।
এর আগে ‘রয়েল বেঙ্গল রহস্য’ দিয়ে সিনেমা বানিয়েছেন সত্যজিৎপুত্র পরিচালক সন্দীপ রায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ওই সিনেমায় ফেলুদা হয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। আর উপন্যাসটি প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালে।