চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নাঈম বিশ্বাসকে (২৫) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, তবে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঈম ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) কর্মরত ছিলেন এবং বায়েজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
তিনি এবং তার স্ত্রী দুজনই কনস্টেবল। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে সোমবার রাতে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন নাঈম।
এপিবিএন-৯ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকেও পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। তার নাম অহিদুর রহমান।