সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। ভূমিকম্পের পরই জারি করা হয় সুনামি সতর্কতা, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষদের মাঝে। এমন পরিস্থিতিতে উদ্বেগে ছিল দক্ষিণী সিনেমাপ্রেমীরাও, কারণ সম্প্রতি ‘বাহুবলী : দ্য এপিক’-এর বিশেষ প্রদর্শনীতে যোগ দিতে জাপানে গেছেন জনপ্রিয় অভিনেতা প্রভাস।
ভূমিকম্পের পর প্রভাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি, যা বাড়িয়ে তোলে অনুরাগীদের দুশ্চিন্তা। অবশেষে ভক্তদের আশ্বস্ত করেছেন প্রভাসের নতুন ছবি ‘রাজা সাহেব’-এর পরিচালক মারুতি। তিনি জানান, মঙ্গলবার প্রভাসের সঙ্গে কথা হয়েছে এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—ভূমিকম্পের সময় প্রভাস টোকিওতে অবস্থান করছিলেন না।
এদিকে, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জাপান প্রশাসন জানায়, ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, আওমোরি, ইওয়াতে ও হোক্কাইদো প্রিফেকচারে জারি করা সুনামি সতর্কতা পরে তুলে নেওয়া হলেও কয়েকটি স্থানে ৭০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে।
ভৌগোলিক অবস্থানের কারণে পৃথিবীর যেকোনো দেশের তুলনায় জাপানেই সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়। বছরে প্রায় দুই হাজার ভূমিকম্প হলেও এর বেশিরভাগই ক্ষীণ বলে উল্লেখ করেছে স্থানীয় সূত্র।