প্রবীণ অভিনেত্রী কাঞ্চনা চলাফেরা সাধারন হলেও ঈশ্বরের নামে দান করে দিলেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকার সম্পত্তি। পর্দার ‘অর্জুন রেড্ডি’র স্নেহময়ী দাদি এবার বাস্তব জীবনে এমন এক নজির গড়লেন, যা হার মানায় সিনেমার গল্পকেও। ভারতজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই ৮৬ বছর বয়সী এই অভিনেত্রীর বর্তমান জীবনযাপন এবং তার এই মহৎ দান।
ভারতের চেন্নাইয়ের টি. নগর এবং জি. এন. চেট্টি রোডে তার ও তার বোন গিরিজা পান্ডের মালিকানাধীন জমিটি আত্মীয়-স্বজন দখল করার চেষ্টা করলে দীর্ঘ সময় আইনি লড়াই চালিয়ে মামলায় জিতে তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানম কে প্রায় ১০০ কোটি রুপি মূল্যের জমি দান করেছেন। যেখানে ভগবান ভেঙ্কটেশ্বর ও দেবী পদ্মাবতীর একটি বৃহৎ মন্দির নির্মিত হবে।
১৯৩৯ সালে মাদ্রাজে জন্মগ্রহণ করা কাঞ্চনার আসল নাম বসুন্ধরা দেবী। অর্থনৈতিক সংকটে পড়ে বাবার মতো ইঞ্জিনিয়ার বা শিল্পী হওয়ার বদলে মাত্র ৬০০ রুপি বেতনে এয়ার হোস্টেসের চাকরি নেন তিনি। তবে নিয়তি তাকে টেনে আনে রুপালি পর্দায়।
বিমানবালা থেকে রুপালি পর্দায় কাঞ্চনার জীবনটাও কম রোমাঞ্চকর নয়। বিমানে যাত্রাপথে পরিচালক মহেশ কৌল এবং পরে পরিচালক সি. ভি. শ্রীধরের নজরে পড়েন তিনি। ১৯৬৪ সালে ‘কাধালিকা নেরমিলা’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হওয়ার পরে তাকে আর পেছনে তাকাতে হয়নি। ৬০ ও ৭০ দশকে দক্ষিণী সিনেমার শীর্ষ নায়কদের বিপরীতে দাপিয়ে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
ব্রহ্মচার্য ব্রত নিয়ে আধ্যাত্মিকতা ও সেবাকেই জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিয়ে ব্যক্তিগত জীবনে এই অভিনেত্রী বিয়ে করেননি। ২০১৭ সালে ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’ সিনেমায় দাদির চরিত্রে অভিনয়ের পর তাকে আর পর্দায় দেখা না গেলেও, জানা গেছে প্রভাসের আসন্ন সিনেমা ‘স্পিরিট’ এ তাকে দেখা যেতে পারে।