জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি বা এআই-এর অপব্যবহারের কঠোর সমালোচনা করেছেন। তিনি এসব প্রবণতাকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত স্ট্যাটাসে বলেন, কেউ যখন ধর্মীয় পরিচয় বহন করার পরও অশালীনতায় লিপ্ত হন, তা আমাদের মূল্যবোধের ওপর বড় আঘাত। তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম শিক্ষা দিয়েছে যে, একজন মুমিন কখনও কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারেন না (তিরমিজি)।
আমির বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তা’য়ালা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলার এবং একে অপরকে উপহাস না করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবেলা করাই প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কখনোই কোনো মুসলমানের বা সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না।
স্ট্যাটাসের শেষে তিনি অনলাইনে ঈমান ও মর্যাদা বজায় রাখার আহবান জানান। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে বলেও হুঁশিয়ার করেন তিনি। বলেন, ঘৃণা নয় যুক্তি ও শালীনতা দিয়ে সমাজ গড়ি।