আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত এই তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ভোট আয়োজনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে কিছু ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন একটা অধ্যায় শুরু হবে। তবে সরকার, ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও স্বচ্ছতা কাটিয়ে উঠতে হবে।”
তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধি মেনে চলতে ইতোমধ্যে দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। অন্য দলগুলো আচরণবিধি না মানলে বৈষম্য তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নারী প্রার্থীদের অনলাইন হেনস্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ সমস্যার সমাধানে মনিটরিং সেল গঠনের প্রস্তাব দেওয়া হলেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি।
অনেকে সন্দেহ করেছিলেন যে বর্তমান সরকার নির্বাচন আয়োজন করবে কি না—তফসিল ঘোষণার মাধ্যমে সেই সন্দেহ কেটে গেছে বলে মনে করেন এনসিপি মুখ্য সমন্বয়ক। একই সঙ্গে গণভোট ইস্যুতেও যে অস্বস্তিকর পরিবেশ রয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।