মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে ঘিরে আগামী ৭২ ঘণ্টাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, বাম কানের ঠিক ওপর দিয়ে মাথায় প্রবেশ করা বুলেট ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। এই গতিপথে হাদির মস্তিষ্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানে ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি’ হিসেবে বিবেচিত।
তিনি আরও জানান, বর্তমানে হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং তাকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টা কোনো ধরনের নতুন চিকিৎসা বা ইন্টারভেনশন করা সম্ভব নয়।
বিশেষ সহকারী বলেন, ব্রেন স্টেম মানুষের জীবনরক্ষাকারী কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সেখানে গুরুতর আঘাত লাগায় চিকিৎসকেরা আপাতত কোনো আশার নিশ্চয়তা দিতে পারছেন না। তবে রোগীর শরীরে এখনো কিছু সাইন অব লাইফ রয়েছে। অস্ত্রোপচারের সময় তার নিজের শ্বাস নেওয়ার সামান্য প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে।
ডা. সায়েদুর রহমান জানান, অস্ত্রোপচারের আগেই হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তার নাক ও গলা দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি বলেন, এখনই কোনো আশাব্যঞ্জক বার্তা দেওয়ার মতো পরিস্থিতি নেই। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।