আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তাপ বাড়ছে রাজনীতির মাঠে। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।
হাদিকে নিয়ে লেখার পর থেকেই হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। সোমবার ( ১৫ ডিসেম্বর ) বিকেল ৩টা ১৯ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না, হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনো পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছেন।
এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন শরিফ ওসমান হাদি। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
রোববার তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সিঙ্গাপুরসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং পরিবারের সম্মতিতেই নেওয়া হয় এই সিদ্ধান্ত।
এর আগে শুক্রবার, জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে ঘটে ভয়াবহ ঘটনা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত।
নির্বাচনের প্রাক্কালে এই হামলা ও হত্যার হুমকি নতুন করে প্রশ্ন তুলছে রাজনীতিতে মত প্রকাশ কি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে?