ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা চেয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে গিয়ে তারা পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত লিখিত আবেদন জমা দেন।
কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।
আবেদনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করে জানান, তিনি ইতোমধ্যে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং ব্যাপক জনসমর্থন পেয়েছেন। এ সময় তার অনেক কর্মী ও সমর্থক মাঠে সক্রিয় রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে আইনানুগ গণসংযোগ কার্যক্রমে ভীতি সৃষ্টি ও বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি জানান, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ তার নির্বাচনী কার্যক্রম ব্যাহত করতে তৎপরতা চালাচ্ছে। অভিযোগ অনুযায়ী, ১৬ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার এক নিরপরাধ কর্মীকে গ্রেপ্তার করে ভুয়া মামলায় আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মো. কিয়ামত আলী (৫০) একজন নিরীহ ও জনপ্রিয় ব্যক্তি উল্লেখ করে সিগমা বলেন, তার বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগ ছিল না। ২০২৪ সালের ৯ নভেম্বর দায়ের করা একটি মামলায় তাকে আসামি করা হয়েছে, যেখানে তিনি এজাহারভুক্ত নন। দীর্ঘদিন থানার কাছাকাছি বসবাস করলেও পুলিশ কখনো তার খোঁজ নেয়নি।
এই ঘটনায় তার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন কাজী রেহা কবির সিগমা।