এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর (৩০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
জান্নাতরা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। তিনি হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক ভাড়া বাসায় থাকতেন।
জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, পরিবারের সবার সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। এর বাইরে আর বেশি কিছু বলতে চাই না।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রাত ১২টার দিকে তার মরদেহ নিয়ে পরিবার নওগাঁর পত্নীতলায় আসে।