জুালাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জনসমুদ্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা। জড়ো হয়েছেন কয়েক লক্ষ মানুষ।
খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি ততই বাড়ছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ দলে দলে সেখানে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টা বাজার আগেই পুরো মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিকে, সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলের মাধ্যমে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে ওসমান হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউতে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবারের পাশে তাকে সমাহিত করা হবে।