খুন করে কখনোই বিপ্লবের চেতনাকে দমন করা যায় না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিপ্লবীদের হত্যা করে বিপ্লবের চেতনাকে দমন করা যায় না, বরং তা আরও শক্তিশালী হয় বলেও মন্তব্য করেন তিনি।
রোববার ( ২১ ডিসেম্বর ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ শরিফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিজস্ব সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি দাবি করেন, যারা হাদির শত্রু, তারা কার্যত বাংলাদেশেরও শত্রু। কারণ হাদি অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। এই দেশ ও জাতি আমাদের। দেশ ও জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে।
তিনি আরও বলেন, হাদি আজীবন ন্যায়বিচারের পক্ষে ছিলেন এবং শত্রুর প্রতিও অন্যায় না করার মানসিকতা পোষণ করতেন। ডা. শফিকুর রহমানের দাবি, হাদির জানাজায় বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে যে তার আদর্শ দেশ-বিদেশে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণ সন্তুষ্ট নয়। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।