| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 21-12-2025 ইং
  • 154854 বার পঠিত
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার ( ২১ ডিসেম্বর ) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের ও আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক সচিব এম এ এন ছিদ্দিক, অতিরিক্ত ও উপসচিবসহ সড়ক ও জনপথ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিএনএস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রতিষ্ঠানটির পরিচালকরা।

দুদকের সহকারী পরিচালক তানজিল হাসান এদিন আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর আগে গত ১২ অক্টোবর দুদক বাদী হয়ে মামলাটি দায়ের করে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালে মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দিতে পূর্বের দরপত্র ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়। পরে একক উৎসভিত্তিক দরপত্র আহ্বান করে কেবল সিএনএসের সঙ্গে আলোচনা করে পাঁচ বছরের জন্য চুক্তি করা হয়। নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ না করে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ ধার্য করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ মেয়াদে একই সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকা নেয়। অথচ সিএনএস একই মেয়াদে প্রায় পাঁচগুণ বেশি অর্থ বিল করে এবং তথাকথিত নতুন প্রযুক্তি ও অবকাঠামো ব্যয়ের নামে অতিরিক্ত অর্থ দাবি করে।

দুদকের হিসাব অনুযায়ী, এই অনিয়মের মাধ্যমে সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকা।

দুদক বলছে, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। একই সঙ্গে ওবায়দুল কাদেরসহ একাধিক সাবেক প্রভাবশালী নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪