দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা সংক্রান্ত ভারতের প্রেসনোট পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। রোববার (২১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এটি এমন কোনো স্থানে নয় যেখানে সাধারণভাবে প্রবেশ সহজ। সেখানে প্রায় ২৫ জনের একটি চরমপন্থী সংগঠনের সদস্য কীভাবে পৌঁছাতে পারে এ প্রশ্ন তুলে তিনি বলেন, এর অর্থ হলো তাদের আসতে দেওয়া হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ওই ব্যক্তিরা শুধু একজন হিন্দু নাগরিক হত্যার প্রতিবাদ জানায়নি, বরং আরও নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়েছে। তিনি জানান, হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এমন কথা শোনা গেলেও এ বিষয়ে তার কাছে সরাসরি কোনো প্রমাণ নেই।
এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে নিহত হয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক। এর সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নে টেনে আনার কোনো যুক্তি নেই।
তিনি জানান, ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু বাংলাদেশে নয়, এই অঞ্চলের অন্যান্য দেশেও ঘটে থাকে।
বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন কি না এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজন হলে অবশ্যই তা করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এটা শুধু স্লোগান দেওয়ার ঘটনা নয়। হাইকমিশনের ভেতরে একটি পরিবার বসবাস করে, তারা আতঙ্কিত হয়েছে। তাই নিরাপত্তা নিশ্চিত করা ভারতেরই দায়িত্ব।