ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আসন্ন গণভোট সম্পর্কে দেশব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান’।
সোমবার ( ২২ ডিসেম্বর ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ১০টি সুপার ক্যারাভান তাদের যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ভোটের গাড়ির যাত্রার সূচনা করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য সামনে রেখেই ১০টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে।
তিনি বলেন, এসব গাড়ি মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। এটি মানুষকে জানাবে, একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ এবং নিষ্ক্রিয়তা নয় অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।
প্রধান উপদেষ্টা বিশেষভাবে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ।
তিনি আরও বলেন, সরকার এমন একটি নির্বাচন চায়, যেখানে থাকবে না ভয় বা বাধা থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মতপ্রকাশ। সরকার সে পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি করা হয়েছে। জনগণ এটি সমর্থন করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদ পথে এগিয়ে যাবে। সনদে সমর্থন থাকলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানান তিনি।
শেষে তিনি বলেন, চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। ভোট দিন নিজের জন্য, দেশের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য।