ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেফতার ১২ আসামিকে তিন দিন করে রিমান্ড আদেশ দিয়েছে আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাত হোসেন এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬), মো. আজমল হাসান সগীর (২৬), মো. শাহিন মিয়া (১৯) ও মো. নাজমুল (২১)।
এর আগে, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের আবেদন করা হলে, বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে, আজ দুপুরে মোকামিয়াকান্দা গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন জেলা প্রশাসক। এ সময়, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।