বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন আজ শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ছয় হাজারের বেশি সদস্য এতে অংশগ্রহণ করছেন।
সম্মেলনের মাধ্যমে সরাসরি গোপন ভোটের মাধ্যমে আগামী বছরের জন্য শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবে। বর্তমান কমিটির বেশ কয়েকজন নেতা ছাত্রত্ব শেষ হওয়ায় বিদায় নিচ্ছেন। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করবেন।
সংগঠনের নেতারা জানান, আলোচনায় থাকা নেতাদের মধ্য থেকেই নতুন সভাপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। সাধারণত সংগঠনের ইতিহাসে সেক্রেটারি জেনারেল পদে থাকা নেতা পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন।
এসময় সম্মেলনে সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতারা এবং জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত রয়েছেন। নতুন নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সদস্যদের মধ্যে উত্তেজনা ও আগ্রহ বিরাজ করছে।