অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দলটিতে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। এরই মধ্যে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ এলাকা) থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আজ বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন, যা ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়।
জাতীয় নাগরিক পার্টিতে তার যোগদান নতুন রাজনৈতিক জোট ও ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।