দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এ দেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তিনি রেখেছেন অসামান্য ভূমিকা।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়াকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং নানা চড়াই-উৎরাই পেরোতে হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, তবে নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের স্মৃতি ইতিহাসে সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তার দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।
শোকবার্তায় নাহিদ ইসলাম মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও তার অসংখ্য অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।