ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নেন তারা, ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো বৈঠক হলে তা প্রকাশ্য হতে হবে, গোপন বৈঠক গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের কোনো সিক্রেট বৈঠক চলবে না।
এ সময় তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্ন তুলে বলেন, দেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান রয়েছে। পাশাপাশি অন্য কোনো শক্তি, এমনকি যুক্তরাষ্ট্রও যদি আধিপত্য বিস্তারের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধেও তারা অবস্থান নেবেন বলে জানান।
আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা কারো কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না। এই লড়াই কেবল শুরু হয়েছে।
শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি এই আন্দোলনের পথ দেখিয়ে গেছেন। তার দেখানো পথ অনুসরণ করেই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।