| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ' শুরু

  • আপডেট টাইম: 03-01-2026 ইং
  • 132160 বার পঠিত
আজ থেকে ইনকিলাব মঞ্চের 'মার্চ ফর ইনসাফ' শুরু

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা দেশে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।

কর্মসূচির আওতায় হাদি হত্যার বিচার নিশ্চিত করতে সহযোগিতা চাইতে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে যাবেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবি জানিয়েছে সংগঠনটি। এ দাবি পূরণ না হলে ৭ জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। এমনকি ২২ কর্মদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা।

এর আগে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আপনাদের সঙ্গে যদি কেউ বৈঠক করতে আসে, অবশ্যই বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক হতে হবে ওপেন। কোনো সিক্রেট বৈঠক নাই। দিল্লির সঙ্গে আমাদের কোনো গোপন বৈঠক চলবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের তিন পাশ থেকে ভারতীয় আধিপত্যবাদ রয়েছে, যার কারণে আমরা এর বিরুদ্ধে কথা বলি। এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ খাটাতে চায়, আমরা কি তার বিরুদ্ধেও কথা বলব না? আমরা কারো কাছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেব না। আমাদের এই লড়াই কেবল শুরু।

শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ওসমান হাদি আমাদের এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন। এখন আমাদের সেই পথেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪