ঢালিউড কুইন অপু বিশ্বাস প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’ নিয়ে ফিরছেন পর্দায়। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
নতুন বছর উপলক্ষে নির্মাতার প্রকাশিত পোস্টারে অপু বিশ্বাসের রক্তে ভেজা মুখ, চোখে রহস্যের ছাপ নিয়ে রোমহর্ষক চেহারায় একেবারেই ভিন্ন ও ভয়ংকর রূপে দেখা গেছে তাকে। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের কৌতূহল ও প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণ।
মার্ডার-মিস্ট্রি ঘরানার থ্রিলার সিনেমা ‘দুর্বার’। সিনামাটিতে অপু বিশ্বাস তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করা জনপ্রিয় অভিনেতা সহশিল্পী সজলকে নিয়ে প্রশংসায় জানিয়েছেন, নতুন এই জুটিকে দর্শক ভিন্ন এক অভিজ্ঞতায় দেখতে পাবেন।
সিনেমাটির শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, দর্শকরা ‘দুর্বার’এ অপু বিশ্বাসকে একেবারে নতুন রূপে এবং সম্পূর্ণ ভিন্ন গেটআপে দেখতে পাবেন।
২০২৩ সালের পর বড় পর্দায় অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে জোরালো প্রত্যাবর্তন হতে যাচ্ছে তার। বছরের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’।
থ্রিলার ঘরানায় অপু বিশ্বাসের এই নতুন রূপ দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরির পাশাপাশি এবার দেখার পালা, বড় পর্দায় ‘দুর্বার’ কতটা চমক দেখাতে পারে।