কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে বলা হয়েছে, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে।
গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয়ে পোস্ট অফিসের মাধ্যমে শাহজাহান চৌধুরীর কাছে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। চিঠির সঙ্গে একটি সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
চিঠিতে লেখা ছিল,
‘আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’
এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে তাকে চিঠিটি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারাই হয়তো এ ধরনের কাজ করেছে। তবে আমরা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছি।’
তিনি আরও বলেন, ‘হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে আমি বিচলিত নই। মানুষের মৃত্যু একবারই হবে—এটা নিয়ে আমি বেশি চিন্তা করি না। এসব করে আমাকে কেনা যাবে না।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমদ জানান, হুমকির বিষয়ে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি বলেন, ‘জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’