কিছু কিছু গণমাধ্যম আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের চরিত্র হননের চেষ্টা করছে। সুরভীর ঘটনাও তারই ধারাবাহিকতা। এমনটাই মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে জামিনে মুক্তি পাওয়া তাহরিমা জান্নাত সুরভীর খোঁজ নিতে টঙ্গীর বাসায় যান নাহিদ ইসলাম। এ সময় তিনি এসব মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর সঙ্গে ন্যায়বিচার হয়নি এবং তার বিরুদ্ধে আনা পুরো বিষয়টি বানোয়াট।
তিনি আরও বলেন, দলের ভেতরে অনুপ্রবেশকারী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীকে যৌথ বাহিনী গ্রেফতার করে। সোমবার সন্ধ্যায় তার বিরুদ্ধে দেওয়া দুই দিনের রিমান্ড
আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক অমিত কুমার দে তার চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদী সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করলে আদালতপাড়ায় ‘ছাত্র-জনতা’ বিক্ষোভ করেন।
জামিনে মুক্তি পেয়ে রাতে টঙ্গীর নিজ বাসায় ফেরেন সুরভী। এ সময় তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে দলের গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।