শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পন্ন, হাতে গোনা আর কয়েকটি দিন। আগামী ১০ জানুয়ারি সবকিছু ঠিক থাকলে শুরু হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ জানিয়েছে আগামী শনিবার পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।
‘দ্য জার্নি টু নো এন্ড’ চীনের এই সিনেমাটি উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবার কথা রয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) এবারের উৎসবের পূর্ণাঙ্গ শিডিউল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ।
এই আন্তর্জাতিক চলচিত্র উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘর নির্ধারিত হলেও শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাগুলো এমনটাই জানিয়েছে আয়োজক সংস্থা রেইনবো চলচ্চিত্র সংসদ।
১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এবং একই দিন সন্ধ্যা ৭টায় দেখানো হবে ইরানের চলচ্চিত্র ‘উইদাউট মি’।
এবারের উৎসবে দেশীয় ৯টি সিনেমা ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘ধামের গান’, ‘নয়া নোট’, ‘আগন্তুক’, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’, ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’, ‘দ্য স্টোরি অব আ রক’ এবং ‘উৎসব’ বাংলাদেশ প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে ।
১৮ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে নয় দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজনের পর্দা নামবে। এবারের উৎসবে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদ্যাপনে আয়োজন করা হচ্ছে বিশেষ আকর্ষণ ‘চায়নিজ ফিল্ম উইক’ ।