জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ভিপি, জিএস ও এজিএস—তিনটি গুরুত্বপূর্ণ পদেই প্যানেলটির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।
ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ পদে ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৮০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এই পদে বিজয়ী প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ২৬৭ ভোট বেশি পান।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ৫ হাজার ২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে বিজয়ী প্যানেলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।