ময়মনসিংহের ভালুকায় পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের শ্রমিক দীপু চন্দ্র দাস (২৮)কে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ায় নেতৃত্বদাতা মো. ইয়াছিন আরাফাতকে (২৫) ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির সহযোগিতায় বুধবার (৭ জানুয়ারি) বিকেলে ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ইয়াছিন আরাফাত ভালুকা থানার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের পর তিনি ১২ দিন বিভিন্ন মাদরাসায় আত্মগোপন করেছিলেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “পাইওনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে জনসমাবেশের মূল উসকানিদাতা ছিলেন ইয়াছিন। দীপুকে মারধরের পাশাপাশি লাশ টেনে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে গিয়ে পোড়ানোর ঘটনায় তিনি নেতৃত্ব দিয়েছেন।”
তদন্তে জানা গেছে, ইয়াছিন প্রায় ১৮ মাস ধরে কাশর এলাকার শেখবাড়ি মসজিদে ইমামতি ও মদিনা তাহফিজুল কুরআন মাদরাসায় শিক্ষকতা করছিলেন। হত্যাকাণ্ডের ১২ দিন পরে ঢাকার ডেমরার ‘সুফফা মাদরাসা’ নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষক পরিচয় দিয়ে আত্মগোপন করছিলেন।
এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।