কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে নয়, জনগণের দৃষ্টিকোণ থেকে হওয়া উচিত।
তিনি বলেন, ভারত যদি আওয়ামী লীগের দৃষ্টিতে বাংলাদেশকে দেখার চেষ্টা করে, তাহলে সেটা হবে এই প্রজন্মকে মিস রিডিং।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ শরিফ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে হাদিকে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পেছনে ভারতের প্রভাব ছিল এবং হত্যার পর হাদিকে পুনরায় ভারতে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে ওসমান হাদিকে হত্যা করা হলেও দেশের প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি।
তিনি আরও বলেন, হাদির বিচারের দাবি শুধু রাজধানীতে সীমাবদ্ধ নয়, এটি এখন দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছেছে। হাসনাত বলেন, হাদি ভাই আমাদের দেখিয়েছেন রাজনীতি কেমন হওয়া উচিত। রাজনীতি গণমানুষের জন্য হওয়া উচিত। আমরা সেই বার্তা জনগণের দোরগোড়ে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।
আগামী নির্বাচনকে কেন্দ্র করে তিনি দুটি পক্ষের কথা উল্লেখ করে বলেন, একটি হল গোলামির পক্ষ, আরেকটি স্বাধীনতার বা আজাদির পক্ষ। আমরা ইনসাফ ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেব এবং দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে থাকব।
এ সময় তিনি ঋণখেলাপি ও বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলা জামায়াত ও এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।