দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল সোনার বাংলা সার্কাস প্রকাশ করেছে তাদের নতুন কনসেপ্টচ্যুয়াল ডাবল অ্যালবাম ‘মহাশ্মশান’। মোট ১৭টি গান নিয়ে নির্মিত এই অ্যালবামে ‘মহাশ্মশান ১’-এ রয়েছে ৯টি এবং ‘মহাশ্মশান ২’-এ ৮টি গান।
গতকাল বৃহস্পতিবার থেকে স্পটিফাইতে অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে। একই দিন রাত ৮টায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি অ্যালবামটি প্রকাশ করা হবে। এ ছাড়া রাত থেকেই আন্তর্জাতিক সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো পাওয়া যাবে বলে জানিয়েছে ব্যান্ড কর্তৃপক্ষ।
নতুন অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ডটির ভোকালিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “আমাদের প্রথম অ্যালবামে ‘এপিটাফ’ গানের মাধ্যমে ক্যারেক্টারটির মৃত্যু হয়েছিল। ‘মহাশ্মশান’ হলো তার পুনরুত্থানের গল্প। এবার ক্যারেক্টারের নাম ‘দ্রোহ’। এই অ্যালবামেও সে মারা যায়, কিন্তু ভবিষ্যতে আবার পুনর্জন্ম নিতে পারে। এবার দ্রোহ মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে। মানুষের প্রতি এই প্রতিশোধের গল্পটাই পুরো অ্যালবামজুড়ে বলা হয়েছে। গল্পটা সম্পূর্ণভাবে বুঝতে হলে ১ ঘণ্টা ৫২ মিনিটের অ্যালবামটি একটানা শুনতে হবে।”
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’ প্রকাশ করে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি। ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’ ও ‘মৃত্যু উৎপাদন কারখানা’সহ একাধিক গানের মাধ্যমে ব্যান্ডটি তরুণ শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
ইতোমধ্যে দেশ-বিদেশে ২০০টির বেশি কনসার্টে পারফর্ম করেছে ব্যান্ডটি। ঢাকায় চারবারসহ দেশের সাতটি বিভাগীয় শহরে নিজেদের আয়োজনে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ শিরোনামে সলো কনসার্টও করেছে তারা। আগামী দুই মাসের মধ্যে নতুন অ্যালবাম উপলক্ষে ‘মহাশ্মশান যাত্রা’ শিরোনামে সলো কনসার্ট শুরু করবে সোনার বাংলা সার্কাস। সেই কনসার্টেই অ্যালবামের সব গান প্রথমবারের মতো লাইভ পারফর্ম করা হবে।
বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন প্রবর রিপন, শ্বেত পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, শাকিল হক ও সাদ চৌধুরী।