বলিউড অভিনেত্রী সারা আলী খান নতুন বছরের শুরুতেই আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে বছরের প্রথম শুটিংয়ের একটি ঝলক শেয়ার করে। আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনলাইনে।
২০২৬ সালের প্রথম শুটের ছবিতে সম্পূর্ণ মেকআপে সারা দিনের কাজ শেষ করার পরে একটি ভিডিওতে ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় সারাকে। এই পোস্টের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তুলনামূলকভাবে কম সক্রিয় থাকা সারা ফিরে আসেন আলোচনায়।
এর আগে তুষারাবৃত এক মনোরম পরিবেশে ছুটির কিছু ছবি শেয়ার করেছিলেন সারা তার ছোট ভাই ইব্রাহিম আলি খানকে নিয়ে। ক্যাপশনে ছিল, ‘মেরি মান্নত, হামেশা নসিব হো আইসি জান্নাত’—যার অর্থ, সবসময় যেন এমন স্বর্গ তার ভাগ্যে জোটে। পরিবার ও প্রকৃতির মাঝে কাটানো এ মুহূর্তগুলো ভক্তদের কাছে প্রশংসা কুড়ায়।
ক্যারিয়ারের বেশ ব্যস্ত সময় পার করছেন সারা আলি খান। ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে একজন আধুনিক শহুরে তরুণীর চরিত্রে অভিনয় করছেন যে সম্পর্ক, ক্যারিয়ার ও আবেগগত অনিশ্চয়তার ভেতর দিয়ে নিজেকে খুঁজে ফেরে। বর্তমান প্রজন্মের কমিটমেন্টের দ্বন্দ্ব, পেশাগত চাপ এবং ভালোবাসা নিয়ে বদলে যাওয়া ভাবনার প্রতিফলন স্পষ্টভাবে উঠে এসেছে ছবিটিতে।
আয়ুষ্মান খুরানা ও ওয়ামিকা গাব্বির সঙ্গে মুদাসসার আজিজ পরিচালিত ছবি ‘পতি পত্নী অউর ওহ ডু’-তে আরও বড় পরিসরের কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হবেন সারা। ২০২৬ সালের ৪ মার্চ, হোলিতে ছবিটি মুক্তি পাবে।
২০১৯ সালের জনপ্রিয় কমেডি-ড্রামা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েলে প্রথম পর্বে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও আনন্যা পান্ডে। নতুন গল্প, নতুন চরিত্র আর পরিচিত হাস্যরস, বছরের শুরুতেই শুটিং থেকে বড় পর্দার মুক্তি সবকিছু মিলিয়ে সারা আলি খানের সামনে অপেক্ষা করছে কর্মব্যস্ত ও গুরুত্বপূর্ণ সময়। এখন দেখার বিষয়, নতুন ছবিগুলোয় তিনি দর্শকদের কতটা নতুনভাবে চমকে দিতে পারেন।