শেখ সোলায়মান ও রাকিব গান গেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদিকে ফাহিমা আহমেদ শিফা সরব দোতারায়। আর জনপ্রিয় কণ্ঠশিল্পী লুৎফর হাসান যুক্ত হয়েছেন এই তিন তরুণের সঙ্গে। তাদের নিয়ে তরিকের সংগীতায়োজনে ‘ভালোবাসার সীমা নাই’ শিরোনামে গানচিত্র নির্মাণ সম্পন্ন হয়েছে।
লুৎফর হাসান ‘তুমি আমায় চিনো নাই গো, আমি তোমায় চিনি নাই, তোমার আমার মইধ্যে তবু ভালোবাসার সীমা নাই’ এমন কথায় সাজিয়েছেন গীতিকবিতা। ফারহান আহমেদ রাফাতের নির্মিত ভিডিওতে লুৎফর হাসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শেখ সোলায়মান ও রাকিব এবং শিফা ছিলেন দোতারায়।
গানটির প্রকাশনা করছে ধ্রুব মিউজিক স্টেশন। টাঙ্গাইলের যমুনার চর ও হেমনগর জমিদারবাড়িতে সেখানকার দৃষ্টিনন্দন নানান লোকেশনে গানের দৃশ্যায়ন করা হয়েছে। লুৎফর, সোলায়মান ও রাকিব, তিনজনই এক অঞ্চলের সন্তান। লুৎফর হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোলায়মান ও রাকিব ভীষণ জনপ্রিয়। ওরা আমারই ছোট ভাই এক অঞ্চলের সন্তান আমরা এক মাটির সন্তান। আর শিফা যুক্ত হয়েছে দোতারায়। এই গান ও গানচিত্রের সবচেয়ে ইউনিক দিক এর লোকেশন।
প্রযোজনাপ্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, খুব দ্রুত গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। এ ছাড়া দেশি-বিদেশি একাধিক প্ল্যাটফরমে শ্রোতারা গানের অডিও শুনতে পাবেন।