নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’র ট্রেলার প্রকাশ্যে এলো। ৪০০ বছরের পুরোনো যৌনপল্লীর গল্পে গড়ে উঠেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনোলজিসের সোশ্যাল হ্যান্ডেলে গতকাল রোববার তা প্রকাশিত হয়। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানালেন একটি যৌনপল্লিকে কেন্দ্র করে নানা দ্বন্দ্ব-সংঘাতে জড়িত সেখানকার ক্ষমতাসীনদের নিয়ে ১ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ঝলক দেখানো হয়েছে।
সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর চরিত্রে শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন এবং মাদক কারবারির ভূমিকায় রয়েছেন মৌসুমী হামিদ। লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু করেছেন রাজনৈতিক নেতার চরিত্র।
তামজিদ অতুলের গল্প-ভাবনায় গোলাম রাব্বানীর চিত্রনাট্যে লাইভ টেকনোলজিসের প্রযোজনায় একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এগিয়েছে এই সিনেমার গল্প। সিনেমার বেশির ভাগ অংশের দৃশ্য ধারণ হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।