ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত করার প্রক্রিয়া শেষ ধাপে পৌঁছেছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে জোটের শীর্ষ নেতাদের যৌথ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক শেষে সন্ধ্যার মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।
এদিকে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ১১ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটি জানায়, বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার একটি জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে। ওই অধিবেশন শেষে জাতীয় নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত জানানো হবে।
এ বিষয়ে একই দিন সন্ধ্যার পর বৈঠকে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। বৈঠকটি মধ্যরাত পর্যন্ত চললেও দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। দলীয় সূত্র জানায়, কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয় এবং বুধবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
জানা গেছে, মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের সঙ্গে এবং দলীয়ভাবে পৃথক বৈঠক করলেও আসন সমঝোতা ও নির্বাচন বিষয়ে কোনো চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়নি।