জাতীয় নির্বাচনের আগে জোটবদ্ধ না থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।
সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন। আমাদের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। আমরা এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে লড়াই করবো।
তিনি আরও বলেন, আমরা যে নীতি ও আদর্শকে ঘিরে জোটবদ্ধ হয়ে আন্দোলনে নামেছিলাম, তা এখন প্রশ্নের মুখে। নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ায় এখন প্রশ্ন উঠছে, এটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে নাকি শুধু নির্বাচন-নামমাত্র সিলেকশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামী আন্দোলন প্রথমে ২৭০টি আসনে প্রার্থী দিয়েছিল। এর মধ্যে দু’জনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখনো ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। এছাড়া বাকি ৩২টি আসনে তারা সমর্থন দেবে এবং পরে নির্দিষ্ট প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসলামী আন্দোলন ছাড়া বাকি ১০ দলের মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। মোট ২৫৩টি আসনে সমঝোতা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজাম ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।