বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ইসলামী আন্দোলনের জোট থেকে সরে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের কোনও প্রভাব নেই। এটি মূলত বোঝাপড়ার ঘাটতির কারণে ঘটেছে। তবে তিনি মন্তব্য করেন, এতে ভোটের মাঠে খুব বেশি প্রভাব পড়বে না।
শনিবার ( ১৭ জানুযারি ) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক আরও বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা চাইলে আবার জোটে ফিরে আসতে পারবে, যা সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।
শরিয়াহ আইন বাস্তবায়ন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের অবস্থানকে সঠিক নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “ইসলামী মূল্যবোধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে যে জোটের সূচনা হয়েছিল, আদর্শিক অবস্থান থেকে কেউ পিছপা হয়নি।”
মামুনুল হক বলেন, “জোটের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করেই আমরা সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”