টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের পর্দা নামছে রোববার ১৮ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমি এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একগুচ্ছ চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসবের শেষ দিনে। বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে শুরু হবে
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানির সংগীত পরিবেশনার পাশাপাশি এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
এছাড়া সমাপনী আয়োজনে দিনভর জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পরিণাম’, ‘বেহুলা দরদি’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং চিত্রশালা মিলনায়তনে ‘রাত্রিযাপন’-এর মতো দেশ-বিদেশের একাধিক সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। সমাপনী দিনে দেশ-বিদেশের সেরা নির্মাতাদের হাতেই উঠবে বিজয়ী সম্মাননা।
গতকাল শনিবার তরুণ নির্মাতারা আলেকজান্দ্রা মারকোভিচ ও তেরেসা ভীনার মতো বিশেষজ্ঞদের কাছ থেকে এই উৎসবে চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ কৌশল শেখার সুযোগ পেয়েছেন।